চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে সোয়া দুই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা।
শনিবার (২ মার্চ) সকালে চট্টগ্রাম কাস্টমস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা দুইজনের থেকে মোট দুই কেজি ৪৪০ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করেন।
যাত্রী দুইজন হলেন- মোহাম্মদ মোরশেদ এবং শফিকুল ইসলাম। তারা দুইজনই একই ফ্লাইটে একই কায়দায় স্বর্ণ এনেছেন।
কর্মকর্তারা জানান, এয়ার এরাবিয়া ফ্লাইটে আসা শফিকুল ইসলামের ব্যাগ তল্লাশি করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তার ব্যাগে থাকা কার ওয়াশিং মেশিনের মোটরের ভেতর স্বর্ণের অস্তিত্ব মেলে। এরপর মোটরের ভেতর থেকে স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৪০ গ্রাম। এর মধ্যে ২৪ ক্যারেটের ১ হাজার ১০০ গ্রাম ও ২২ ক্যারেটের ৪০ গ্রাম স্বর্ণপিণ্ড রয়েছে। এসব স্বর্ণপিণ্ডের আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকার বেশি। এ ঘটনায় যাত্রী মো. শফিকুল ইসলামকে আটক করা হয়।
স্বর্ণের এই চালানটি ধরা পড়ার পর চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা একই ফ্লাইটে আসা মোহাম্মদ মোরশেদ নামের আরেক যাত্রীর কাছ থেকে একই ধরনের স্বর্ণপিণ্ড জব্দ করেন। তিনিও একই কায়দায় স্বর্ণ লুকিয়ে রেখেছিলেন। তার থেকে ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণপিণ্ড জব্দ করা হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, কাস্টমসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে এসব স্বর্ণপিণ্ড জব্দ করা হয়। আলাদা দুই ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।