সিঁড়িতে দোকান, নিউ সুপার মার্কেটে ১৩ জনকে জরিমানা

রাজধানী ঢাকার নিউমার্কেটের নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনে সিঁড়িতে নকশা বহির্ভূত দোকান বসানোর কারণে ১৩ দোকানিকে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তাদের প্রত্যেককে পাঁচ হাজার করে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি সিঁড়িতে ভাসমান দোকানগুলো সরিয়ে দিয়েছেন আদালত।

বুধবার (৬ মার্চ) দুপুরে নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

তিনি সাংবাদিকদের জানান, অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন-২০০৩ এর ১৮ ধারা অনুযায়ী সিঁড়িতে অবস্থান করা দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের জরিমানা করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “এই মার্কেটের সিঁড়িগুলো হচ্ছে জরুরি বহির্গমন অর্থাৎ আগুন লাগলে মানুষজন নেমে যাওয়ার জন্য। কিন্তু আমরা এখানে এসে দেখেছি সবকটি সিঁড়ি দখল করে দোকান বসানো হয়েছে। যেকোনো অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিস সেই স্থানে পৌঁছাতে কিংবা মানুষজন নেমে যেতে বড় ধরনের সমস্যা তৈরি করবে। সে কারণে এই জায়গায় অভিযান পরিচালনা করে ১৩টি দোকানকে জরিমানা করে সরিয়ে দেওয়া হয়েছে।”

এ সময় অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ কে এম শামসুজ্জোহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নিউ সুপার মার্কেটে। এতে মার্কেটের বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে যায়। ১৫ এপ্রিল ভোর ৫টা ৪০মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ২৮টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, গত ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। ১২ জন হাসপাতালে ভর্তি আছেন, যারা শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভবনটি থেকে কমপক্ষে ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঝুঁকির পাশাপাশি বিনা অনুমোদনে ভবনটিতে আটটি রেস্টুরেন্ট চলছিল।

এ ঘটনার পর ঢাকার বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ ও নকশা বর্হিভূত ভবনে গড়ে ওঠা রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে রাজউক, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থা।