মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরেই গ্রেপ্তার ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক

ঢাকার বেইলি রোডে আগুনের ঘটনায় “কাচ্চি ভাই” রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। নামার সঙ্গে সঙ্গেই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে তুলে দেয়।

বেইলি রোডের রেস্টুরেন্টটিতে আগুন লাগার পর তিনি পালিয়ে দেশত্যাগ করেন। এ নিয়ে ভয়াবহ ওই আগুনের ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।

আগুনে ক্ষতিগ্রস্ত বেইলি রোডের গ্রিন কোজি ভবন (১ মার্চ, ২০২৪)/মাহমুদ হোসেন অপু/ঢাকা ট্রিবিউন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) নিজামউদ্দিন ফকির বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় সোহেল সিরাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে সিআইডি সোহেল সিরাজকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল বিরিয়ানির দোকান কাচ্চি ভাই। ভবনটির অন্যান্য তলায়ও ছিল বেশ কয়েকটি খাবারের দোকান। ভয়াবহ সেই আগুনে ৪৬ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলাটি তদন্ত করছে সিআইডি।