বাবা হত্যার বিচার চান এমপি আনোয়ারুলের মেয়ে

বাবার হত্যাকারীদের বিচার দাবি করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি বলেছেন, “আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি দেখতে চাই। যারা আমার বাবাকে হত্যা করেছে তাদের আমি দেখতে চাই।”

বুধবার (২২ মে) দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এমপি আনোয়ারুলের মেয়ে বলেন, “এরই মধ্যে জেনেছি, আমার বাবাকে হত্যা করা হয়েছে। এটা শুনেই আমি ডিবিপ্রধান হারুন আঙ্কেলের কাছে এসেছি। তারা তিনজনকে ধরেছেন। মূলত, আমি মামলা করব। ডিএমপি কমিশনার, ডিবিপ্রধান ও প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। সবাই আমাকে আশ্বস্ত করেছেন। ডিবি আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছে।”

ডরিন আরও বলেন, “আমার কোনো ভাই নেই। আমরা দুই বোন। বড় বোন ডাক্তার। আমি এলএলবি পড়ছি। আমি ইউনিভার্সিটি অব লন্ডনের আন্ডারে এলএলবি পড়ছি। আমি নিজেই আজ এখানে এসেছি। ডিবি পুলিশ আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছে বলে আমি অনেক তথ্য পাচ্ছি।”

গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “আমি আমার বাবা হত্যার বিচার চাই। আপনারা এ বিষয়ে আমাকে সহযোগিতা করুন। আপনারা নিউজ করুন, অনুসন্ধান করুন। আপনাদের নিউজে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হোক। আমি যেন বিচার পাই, আমার বাবাকে কারা হত্যা করেছে, সেটা যেন জানতে পারি।”

ডরিন বলেন, “আমার বাবাকে কারা হত্যা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। আমি এর শেষ দেখতে চাই, তারা কেন বাবাকে হত্যা করেছে? আমি যেন দেখতে পাই আমার বাবার হত্যাকারীদের ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে।”

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আজ আমি এতিম হয়ে গেছি। আজ আমার পড়াশোনা শেষ হয়নি। আমি মাঝপথে। সবার পরিবার আছে, সন্তান আছে। সবাই জানেন, যার বাবা থাকে না তার কেউ থাকে না তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয়, আপন মানুষ থাকুক না কেন বাবা, বাবাই। বাবার মতো কেউ আপন হয় না।”

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে ডরিন বলেন, “আমার একটাই অনুরোধ, আপনারা আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার করুন। একটা সময় আমার বাবা ১৪টা বছর মিথ্যা মামলায় পালিয়ে থেকেছেন। তখন আমি অনেক ছোট। তখনো আমি আমার বাবাকে কাছে পাইনি। যখন একটু বুঝতে শিখেছি তখন আমার বাবাকে কাছে পেয়েছি। এখন আবার আমার বাবাকে হারিয়ে ফেললাম। আপনারা কেউ আমার বড় ভাই, কেউ বাবার মতো। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই। আমি স্বচক্ষে দেখতে চাই কারা আমাকে এতিম করল, কেন করল।”

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারতে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ ঘটনায় আমাদের বাংলাদেশের মানুষ জড়িত। আজীমকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।