পুরো না হলেও লাশের অংশবিশেষ পাওয়া যাবে, আশা ডিবি পুলিশের

ভারতে হত্যাকাণ্ডের শিকার সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, “কলকাতা ও বাংলাদেশের পুলিশ যৌথভাবে কাজ করছে। আশা করি, পুরো বডি না হলেও অংশবিশেষ কলকাতা পুলিশ উদ্ধার করবে।”

বৃহস্পতিবার (২৩ মে) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবি প্রধান।

হারুন বলেন, “কারা জড়িত আমরা গ্রেপ্তার করব। তাদের নাম-নাম্বার আমরা পেয়েছি। কী কারণে ঘটনা ঘটেছে। মূলহোতা ও ভিক্টিম বন্ধু ছিলেন। একসঙ্গে খেলাধুলা করতেন। তাদের মধ্যে আদৌ কোনো ব্যবসা ছিল কি-না তা খতিয়ে দেখা হবে।”

হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিষয়ে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “যাদের আমরা ধরেছি তারা বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা। পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি করত। তাদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। হানিট্র্যাপ করা হয়েছে নাকি, অর্থনৈতিক, রাজনৈতিক নাকি অন্য কোনো কারণ ছিল তা তদন্ত শেষ না হলে বলা যাবে না।”

এই মুহূর্তে অপরাধীদের শনাক্ত করা ও লাশ উদ্ধার পুলিশের মূল কাজ বলেও জানান তিনি।

চিকিৎসার জন্য গত ১২ মে কলকাতায় যান এমপি আনোয়ারুল আজিম। এরপর আট দিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন “সঞ্জিভা গার্ডেন” থেকে তার মরদেহ উদ্ধারের কথা জানায় স্থানীয় পুলিশ।