আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মেয়াদ বাড়ল ১ বছর

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।

শুক্রবার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার মেয়াদ বাড়ানোর আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ১২ জুলাই বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে পুলিশের মহাপরিদর্শক পদে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

বেনজীর আহমেদ অবসরে যাওয়ার পর পুলিশের মহাপরিদর্শক হিসেবে তখনকার র‌্যাবের প্রধান চৌধুরী আল মামুনকে নিয়োগ দিয়েছিল সরকার। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর ওই প্রজ্ঞাপন হয়েছিল।

চাকরির স্বাভাবিক মেয়াদ অনুযায়ী, ২০২৩ সালের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এখন এক বছর মেয়াদে তাকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।