তিন মাস আগে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় দ্বীপান্বিতা সরকার নামের এক নারীর ব্যবহৃত আইফোন ছিনতাই হয়। তিন মাস পর সেই ফোনটি উদ্ধার করা হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম থেকে।
শনিবার (৬ জুলাই) চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারের তামাকুমন্ডি লেন থেকে ফোনটি উদ্ধার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এরপর সেটি কলকাতায় ওই নারীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মোবাইল ফোনটি ফিরে পেয়ে ভিডিও বার্তায় চট্টগ্রাম নগর পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই নারী।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।
বিষয়টি নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, “গত এপ্রিল মাসে আইফোন ১৪ মডেলের একটি মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় ভারতের কলকাতার মহেশতলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন দ্বীপান্বিতা সরকার নামের এক নারী। কিছুদিন পর তার কাছে যাওয়া একটি ই-মেইলে তিনি জানতে পারেন, হারানো ফোনটি বাংলাদেশের চট্টগ্রাম শহরে খোলা হয়েছে। এরপর তিনি হারানো মুঠোফোনের যাবতীয় তথ্য দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করেন। এরপরই মুঠোফোন উদ্ধারে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ।”
আলী হোসেন আরও বলেন, “কোনো সিম প্রবেশ না করায় ফোনটি উদ্ধারে নানা কৌশলে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। প্রাথমিকভাবে ভারত থেকে চুরি করা ফোন চট্টগ্রামে বিক্রি করে, এমন চার ব্যক্তিকে শনাক্ত করা হয়। তারা চোরাই পথে মোবাইল ফোনটি চট্টগ্রামে এনে রিয়াজ উদ্দিন বাজারের তামাকুমন্ডি লেনে বিভিন্ন খুচরা দোকানদারের কাছে পৌঁছে দেন এবং নিজেরাও বিক্রি করেন। পুলিশ চোর চক্রকে ধরতে অভিযান চালাচ্ছে খবর পেয়ে ফোনটি পুলিশের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি দোকানে রেখে চক্রের এক সদস্য পালিয়ে যান। পরে দোকান থেকে ফোনটি উদ্ধার করা হয়।”
পুলিশ জানিয়েছে, চক্রটি বাংলাদেশে চুরি হওয়া দামি মোবাইল ফোন ভারত ও ভুটানে পাঠিয়ে দেয়। সেখানে থাকা তাদের চক্রের সদস্যরা তা বিক্রি করেন। একইভাবে ভারতে চুরি কিংবা ছিনতাই হওয়া দামি মোবাইল ফোন গুলো নিয়ে আসা হয় চট্টগ্রামে। চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।