কুমিল্লায় “বাংলা ব্লকেড” কর্মসূচি ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টায় মিছিল নিয়ে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ওঠতে চাইলে প্রথমে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করলে আন্দোলনরত শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটাছুটি করে সেখান থেকে সরে যায়। এ সময় বিভিন্ন ঝোপ ঝাড় দিয়ে দৌড়ে আত্মরক্ষা করেন শিক্ষার্থীরা।
কুবি শিক্ষার্থী সাহাব উদ্দিন ঢাকা ট্রিবিউনকে বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সম্পূর্ণ বিনা উস্কানিতে হামলা করেছে পুলিশ। এটি শিক্ষার্থীরা মেনে নেবে না।”
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ বলেন, “শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ মাঠে রয়েছে। মহাসড়কে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।”