একাত্তর-এটিএনসহ ৬ টিভির সম্প্রচার বন্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতির মধ্যে বেসরকারি ৬টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। এসব চ্যানেলে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

হামলার শিকার হওয়া চ্যানেলগুলো হচ্ছে- ৭১ টিভি, সময় টিভি, এটিএন বাংলা, এটিএন নিউজ, গান বাংলা, এশিয়ান টিভি, বিজয় টিভি ও মাই টিভি। এগুলোর মধ্যে সময় টিভি ও মাই টিভি আবার সম্প্রচারে এসেছে। বাকি ৬টি এখনও বন্ধ রয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিকেলে বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের একাত্তর টিভির কার্যালয় এবং বাংলামটরের সময় টিভির স্টেশনে ভাঙচুর চালানো হয়।

সময় ও একাত্তর টেলিভিশনে কর্মরত একাধিক সাংবাদিক জানিয়েছেন, একাত্তর টেলিভিশনের বারিধারার কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার-টেবিল, টেলিভিশন ও কম্পিউটার ভাঙচুর করা হয়। এ সময় সংবাদকর্মীরা যে যে অবস্থায় ছিলেন, সে অবস্থাতেই বের হয়ে যান। এছাড়াও সময় টিভির কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়।

একইদিন ভাঙচুর করা হয় কারওয়ান বাজারের এটিএন বাংলা ও এটিএন নিউজের কার্যালয়। নিচে থাকা গাড়ি ভাঙচুর করে ও আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়াও ধ্বংসস্তূপে পরিণত হয় দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলা।

গানবাংলা টেলিভিশন ভবনের বেশিরভাগ ফ্লোরে ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ।

ভাঙচুরের শিকার হয়েছে বিজয় টিভি, এশিয়ান টিভি ও মাই টিভির কার্যালয়। তেজগাঁওয়ে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের আটকে দেন।