দুর্গাপূজায় তিন দিনের ছুটির সুপারিশ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তত তিন দিনের ছুটির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারা দুর্গাপূজায় তিনদিন ছুটি দাবি করেছে। আমি মনে করি পূজায় দুই-তিন ছুটি দিলে সমস্যা কি? আমি বলেছি আমি তো ডিসিশন মেকার না। আমি সচিব মহোদয়কে বলেছি এটা নোট করতে। তারা যে দাবি-দাওয়া দিয়েছেন সেগুলো নিয়ে আমরা ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা করব।”

জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এদিকে, অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আজ সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, “ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে যারা হামলা করেছে, তারা মূলত দুর্বৃত্ত। এসব দুর্বৃত্তকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

ধর্ম উপদেষ্টা বলেন, “মঙ্গলবার বিকেলে ধর্মীয় সংখ্যালঘু নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া ধর্ম মন্ত্রণালয় আজকের মধ্যে একটি হটলাইন চালু করার চেষ্টা করছে। এই নম্বরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার তথ্য জানানো হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”