এস আলম পাওয়ার প্লান্টে ছুরিকাঘাতে প্রাক্তন সেনা কর্মকর্তাসহ ২ জন নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্লান্টে চুরি ঠেকাতে গিয়ে অন্তত দুইজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার সারওয়ার আলম (৫১) ও রাশেদ জাওয়ারদার (২২)।

পুলিশ জানায়, সোমবার ভোরে বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরির চেষ্টা করে দুই যুবক। নিরাপত্তাকর্মীরা তাদের ধরতে গেলে চোরেরা তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত দুই নিরাপত্তাকর্মীকে স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, নিহত সারোয়ার আলম সিকিউরিটি ইনচার্জ এবং রাশেদ জাওয়ারদার কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রহরী ছিলেন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।