কক্সবাজার সৈকতে পর্যটককে মারধর, তরুণ আটক

কক্সবাজার সমুদ্রসৈকতে তরুণীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর, কানে ধরে ওঠবসসহ হেনস্তা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মোহাম্মদ ফারুকুল ইসলামকে (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক মোহাম্মদ ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা মাজেদুল ইসলামের ছেলে। তিনি মাদ্রাসাছাত্র। কয়েক বছর ধরে তিনি শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকা থাকছেন।

কক্সবাজারের নবাগত পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ ঢাকা ট্রিবিউনকে জানান, সৈকতে এক নারী পর্যটককে লাঠি দিয়ে বেধড়ক মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে এলে পুলিশ ওই তরুণকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীর পক্ষ থেকে সকালে অভিযোগ দেওয়ার কথা ছিল। তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফারুকুল ইসলাম/সংগৃহীত

এর আগে, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে একদল অতিউৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়া ওই ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করছেন। কিন্তু, সেখানে উপস্থিত এক তরুণ লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করছেন। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা জনতা ওই নারীর কান ধরে ওঠবসের গণনাও করছিলেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, একজন নারী বিচে বসে আছেন। কয়েকজন সেখানে হাজির হয়ে জানতে চান- “এখানে কী করেন, মহিলা (নারী) মানুষ রাত ১২টায় এখানে কেন?” বলতে বলতে মারার ভঙ্গি করলে পেছন থেকে আরেকজন বলে ওঠে- “ক্যালানি দিতে দিতে আসতেছি, বুঝতে পারছেন? ক্যালানি খাবেন? চলে যান চলে যান।” আরেকজন বলেন, “পুরা বিচের পরিবেশ এরা (এই নারীরা) নষ্ট করে ফেললো।”