ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে ৭ জনের ৪ বছর ও ৩ জনের ২ বছরের সাজা হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
তবে সাজাপ্রাপ্তরা পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য ১১৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২০১৭ সালের ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু্ইটি আবাসিক হলে সিআইডি অভিযান চালিয়ে মামুন ও রানা নামের ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরীক্ষার হল থেকে গ্রেপ্তার করা হয় রাফি নামের ভর্তিচ্ছু একজন শিক্ষার্থীকে।
ওই দিন শাহবাগ থানায় ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৬৩ ধারা ও ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের ৯(খ) ধারায় মামলা করে সিআইডি।
২০১৯ সালে তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি সুমন কুমার দাস আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনকে অভিযুক্ত করা হয়। পরে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৬৩ ধারায় করা মামলার দায় থেকে সব আসামিকে অব্যাহতি দেন।
পরে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের ৯(খ) ধারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১২৪ জনের বিচার শুরু হয়।