লক্ষ্মীপুরে বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, নিহত ৪

লক্ষ্মীপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে বাসে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।

রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের গ্রীনলিফ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হৃদয় (১৯), ইউসুফ (৩২) ও সুজন (২৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

নিহত হৃদয় লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মোটর মেকানিক। ইউসুফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাঞ্চানগর গ্রামের বাসিন্দা, আর সুজন সদর উপজেলার চরমনসা গ্রামের বাসিন্দা।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, আহতদের লক্ষ্মীপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের কারও হাত, কারও পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বাসের গ্যাস সিলিন্ডারটি নিম্নমানের ছিল। এতে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ ঘটলে বাসের এক পাশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।