ড. ইউনূস: জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে

দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে।”

রবিবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাহিনীর পর্ষদ গঠিত হয়। জাতির এই অগ্রযাত্রায় নৌবাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সঙ্গে জনগণের পাশে থাকবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “বিগত দিনগুলোতে জনগণ যেমন সহযোগিতা পেয়েছে আগামীতেও যেন তা পায়।” দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে সঠিকভাবে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এটাকে ধরে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

নানা প্রতিকূলতা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে এ ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

সশস্ত্র বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, “সম্প্রতি নানা প্রতিকূলতা মধ্যেও আপনারা যেভাবে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন, তা প্রকৃতপক্ষে পেশাদারিত্ব বহন করে। ভবিষ্যতেও সেটা বজায় থাকবে বলে দৃঢ় বিশ্বাস রাখি।”