৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় ৫ ঘণ্টা অবরোধ প্রত্যাহার করে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন। এর আগে বেলা ১১টা দিকে সড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, “বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী অবরোধ করা শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গিয়েছেন। পরে বিকাল চারটার দিকে তারা সড়ক ছেড়ে দেন।”

এর আগে সকালে অবরোধ চলাকালে শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে ইটপাটকেল ছোড়েন। এতে এক শিশুসহ কয়েকজন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেরিয়ে সাড়ে ১১টার দিকে মহাখালীতে সড়ক অবরোধ করেন এবং মহাখালী ওভারব্রিজের নিচে অবস্থান নেন। এর আগে অবরোধের মধ্যে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি না থামায় বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাখালী, বনানী, তেজগাঁও ও গুলশানসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীরা সড়ক ছাড়লেও যানচলাচল স্বাভাবিক হয়নি।