চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনার পর খাবারের গুণগত মান যাচাই ও শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সাইফুল ইসলাম জানান, বুধবার দুপুরে উপজেলার লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খাওয়ার পর ১২ শিক্ষার্থীর পেটে ব্যথা ও বমি হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার পর সবাই সুস্থ হয়ে পরে ওই দিনই বাড়ি ফিরে গেছে।
এদিকে, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত অফিস আদেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা ও জেলা স্যানিটারি পরিদর্শককে সদস্য করা হয়েছে।
তদন্ত কমিটিকে স্কুল ফিডিংয়ের সরবরাহ করা খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ উদঘাটন এবং এর জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর খাবারের মান ও শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



