টেকনাফে বন বিভাগের ১৯ শ্রমিক অপহরণ

কক্সবাজারের টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় ১৯ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে ডাকাত দল। এ অপহরণের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এর মধ্যে একজন ফরেস্টারও রয়েছেন।

অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি জানান, হ্নীলা জাদিমুড়া এলাকা থেকে ফরেস্টারসহ ১৯ জন অপহরণের শিকার হয়েছেন। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

অপহৃতরা হলেন, ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দু'জনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলে জানা যায়।

টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, প্রতিদিনের মতো বনবিভাগের পাহাড়ের বাগানে কাজ করতে গেলে ১৯ জনকে অপহরণ করে নিয়ে যায় একটি ডাকাত দল। এ ঘটনায় আমরা এপিবিএন পুলিশ, উপজেলা প্রশাসনহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।