গুচ্ছ ভর্তি পদ্ধতি বহালের দাবিতে শিক্ষার্থীদের ইউজিসি অভিমুখে যাত্রা

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে ইউজিসির সামনে এলে তাদেরকে আলোচনায় বসার আহ্বান জানায় কর্তৃপক্ষ।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা প্রথমে আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইউজিসি ভবনের সামনে আসেন।

উচ্চ মাধ্যমিক পাস বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ আন্দোলন করছেন। দাবি আদায়ে তারা ইউজিসির সামনে অবস্থান নিয়েছেন। এ সময় ইউজিসির একজন প্রতিনিধি শিক্ষার্থী প্রতিনিধিদের কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। তবে তারা তা প্রত্যাখান করে দাবি মেনে নিতে বলেছেন।

রহমত উল্লাহ নামের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী বলেন, “একাধিক বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হলে শিক্ষার্থীদের আর্থিক সংকুলান সম্ভব নয়। আমরা চাই, গুচ্ছ পরীক্ষায় সব বিশ্ববিদ্যালয় অংশ নিক। ইউজিসির কাছে আমাদের দাবি, তারা যেন বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে গুচ্ছ আয়োজন ঠিক রাখে।”

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগের শিক্ষাবর্ষের মতো এবারও ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা চান তারা। এজন্য লং মার্চ করেছেন তারা।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভাষ্য, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হলে সময় ও অর্থ সাশ্রয় হয়। একই সঙ্গে ভোগান্তি কমে। নিম্নআয়ের পরিবারের সন্তানদের ভর্তির সুযোগ সৃষ্টি হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে পরীক্ষা নিলে অনেকে পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। এ কারণে গুচ্ছ বহালের দাবিতে আন্দোলন করছেন তারা।