ঘন কুয়াশায় দিনাজপুরে বৃষ্টির মতো ঝড়ছে শিশির, পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর। বৃষ্টির মতো ঝরছে শিশির। দিনের অধিকাংশ সময় দেখা মিলছে না সূর্যের। এতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষেরা। এছাড়াও পঞ্চগড়ে চার দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় সব পথ-ঘাট।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি ও পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

দিন গড়িয়ে দুপুরের পরে সূর্যের দেখা মিললেও বিকেলের আগেই সূর্য হারিয়ে যায়। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় কমেছে মানুষের চলাচল। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে গ্রামের মানুষেরা খড়ুকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। সড়ক-মহাসড়কে গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। 

এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, “শনিবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪%। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।”

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর ১০ এর নিচেই ওঠানামা করছে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া অফিস।”