পলকের মুক্তি চেয়ে নাটোরে পোস্টারিং

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মুক্তির দাবিতে নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন দেওয়ালে পোস্টার টাঙিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় পলকের মুক্তির দাবিসংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের বাজার, বাসস্ট্যান্ড, চকসিংড়া ও শোলাকুড়া এলাকার দেওয়ালে এসব পোস্টার দেখা যায়।

পোস্টারে লেখা হয়েছে, “রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সকল হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানপূর্বক চলনবিলের মাটি ও মানুষের প্রিয় সন্তান জুনাইদ আহমেদ পলকের নিঃশর্ত মুক্তি চাই।”

এ সংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও ছাত্রলীগের ফেসবুক পেজ ও সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েলের ফেসবুকে অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। পোস্টারের নিচে লেখা রয়েছে “সৌজন্যে: সিংড়া উপজেলা ছাত্রলীগ”।

এ বিষয়ে জানতে সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েলের মুঠোফোনে কল করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার দুপুরে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক এ বিষয়ে ঢাকা ট্রিবিউনকে বলেন, “এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি। দুই-এক জায়গায় তারা পোস্টার টাঙিয়ে ছবি তুলে ফেসবুকে ছড়িয়েছে।”