দেশের ২০টি বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগির গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়গুলোর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তার আশ্বাসের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ফটকের সামনে অবরোধ করা শিক্ষার্থীরা ফিরে গেছেন।
আনোয়ারুল আজিম আখন্দ বলেন, “পরীক্ষার দিন-তারিখ ঠিক করা হয়েছে। খুব শিগগির আরেকটি সভায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সিদ্ধান্ত হবে।”
তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এ বছর গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনও গুচ্ছ পরীক্ষায় থাকা বা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।
মঙ্গলবার দুপুরে গুচ্ছ পদ্ধতি অব্যাহত রাখার দাবিতে ভর্তি প্রার্থীরা ইউজিসির ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। গুচ্ছ পদ্ধতি অব্যাহত রাখার পক্ষে তারা স্লোগান দেন। তবে, বৈঠকের পর সিদ্ধান্ত জেনে তারা গেট খুলে দেন।
আন্দোলনরত শিক্ষার্থী আবদুল মালেক সিয়াম বলেন, “শিক্ষকরা আমাদের আশ্বস্ত করেছেন। তারা যেকোনো মূল্যে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন। তাদের আশ্বাসে আজকের মতো অবরোধ তুলে নিয়েছি।”
জানা গেছে, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ এপ্রিল “সি” ইউনিটের (ব্যবসায় শিক্ষা শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে “বি” ইউনিট (মানবিক) এবং ৯ মে “এ” ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয় পরবর্তীতে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা গুচ্ছ ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে শিগগির প্রকাশ করা হবে।
এর আগে, গত ২৬ জানুয়ারিও শিক্ষার্থীরা একইভাবে ইউজিসি গেট তালাবদ্ধ করে বিক্ষোভ করেন। পরে শিক্ষা মন্ত্রণালয় গুচ্ছ পদ্ধতি অব্যাহত রাখার নির্দেশ দেওয়ার পর তারা সাময়িকভাবে বিক্ষোভ স্থগিত করে।