গৃহবধূকে বাসস্ট্যান্ড থেকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গৃহবধূকে বাসস্ট্যান্ড থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আউড়াকান্দা গ্রামের বাসিন্দা সাইদুল মাতুব্বর, একই গ্রামের ফরিদ মাতুব্বর, সাদ্দাম মাতুব্বর ও নগরকান্দা উপজেলার ঝাটুকদিয়া গ্রামের বাসিন্দা নাসির খান।

মামলার এজাহার থেকে জানা যায়, ৩০ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ইজিবাইকে করে ভাঙ্গায় ফুফুর বাড়িতে বেড়াতে আসেন ভুক্তভোগী গৃহবধূ। ভাঙ্গার আউড়াকান্দা বাসস্ট্যান্ডে নামার পর তাকে তুলে পাশের সরিষা ক্ষেতে নিয়ে যায় পাঁচ যুবক। সেখানে গণধর্ষণ করে পালিয়ে যায় তারা। এতে ভুক্তভোগী জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন সকালে জ্ঞান ফিরলে স্বামীর বাড়ি মাদারীপুরের শিবচরে যান। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন।

১২ ফেব্রুয়ারি দুপুরে ভাঙ্গা থানায় এসে পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী। মামলার পর রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “ভুক্তভোগী গৃহবধূ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়। অপরজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গৃহবধূকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”