পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন চুরির শিকার পরিবারের চার সদস্য।
শুক্রবার (৭ মার্চ) রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, আব্দুল হামিদসহ পরিবারের সদস্যরা ইফতারের সময় নিজেদের টিউবওয়েলের পানি পান করেন। পরে আব্দুল হামিদ ও তার ছেলে বাজারে গিয়ে অসুস্থ্য বোধ করেন। স্থানীয়দের সহায়তায় বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে পড়েছেন। তারা পরে চুরির বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অসুস্থ হয়ে পড়া চারজন হলেন- ইজিবাইকচালক আব্দুল হামিদ, তার স্ত্রী মালেকা বানু, ছেলে মেহেদী হাসান (২০) ও মেয়ে হিমা আক্তার হাবিবা (১৫)।
আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান বলেন, “বাড়ি ফিরে দেখি ঘরে বক্স খাটের ছোট টুলবক্সের তালা ভাঙা। সেখান থেকে নগদ এক লাখ টাকা নিয়ে গেছে। বাদামের বীজ কেনাবেচা করে টাকাগুলো রেখেছিলাম।”
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, “কিছুক্ষণ আগে ঘটনা সম্পর্কে অবগত হলাম। আমরা বিষটি খতিয়ে দেখছি। পরিবারটি অভিযোগ করলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”