বরিশালের মেহেন্দীগঞ্জে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে ঘুমন্ত এক গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনার দুল নিয়ে গেছে চোরচক্র। এতে ওই নারীর কানে মারাত্মক জখম হয়েছে। একই রাতে ওই বাড়ির আরেক নারীর নাকের গহনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় দুর্বৃত্তরা।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা গ্রামে শাহজাহান হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রহিমা বেগম (৫৫) শাহজাহান হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরের এক পাশের টিন কেটে ভেতরে প্রবেশ করে। তখন ঘরের সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা রহিমা বেগমের দুই কানের সোনার দুল সজোরে টেনে ছিঁড়ে নেয়, যাতে তার কানের লতি ছিঁড়ে রক্তক্ষরণ শুরু হয়। এরপর শাহজাহানের ছেলের বউয়ের নাকের গহনাও টেনে নেওয়ার চেষ্টা চালায় চোরচক্র। তবে বিষয়টি টের পেয়ে ঘরের লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসার আগেই চোর পালিয়ে যায়।
পরে স্বজন ও স্থানীয়রা ঘরের টিন খোলা অবস্থায় দেখতে পান এবং ঘটনাস্থল থেকে চোরের ফেলে যাওয়া একটি জুতা উদ্ধার করেন। পরিবারের দাবি অনুযায়ী, চুরি হওয়া সোনার দুলের ওজন প্রায় ৫ আনা, যার বাজারমূল্য আনুমানিক ৭৭ হাজার টাকা।
এ ঘটনার পর পুরো চরমহিষা গ্রামে নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসী রাতে পাহারা জোরদার করার পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা কামরুল হাসান মোমেন জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন গৃহবধূর কান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, পুরো বিছানা রক্তে ভিজে গেছে। এ ঘটনার পর গ্রামের অন্য নারীদের মধ্যেও ভয় ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি। গ্রামবাসী মিলে চোর শনাক্তের চেষ্টা চালাচ্ছেন এবং পাওয়া মাত্র পুলিশে সোপর্দ করার কথা জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, এখনো এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



