Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাস চলাচল বন্ধ

বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের কারণে গতকালও প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম

বাস শ্রমিকদের মারধর এবং মহাসড়কে অবৈধ মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবিতে বরিশালে ফের বাস ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে সড়ক অবরোধ করায় ঢাকা-বরিশাল মহাসড়কসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে বাস ও যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ যাত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে বরিশালের রহমতপুর এলাকায় অভ্যন্তরীণ রুটের একটি বাসের চালক ও হেলপারকে মাহিন্দ্রা শ্রমিকরা মারধর করে। এ ঘটনার জেরে গুরুতর আহত হাসান নামে এক বাস শ্রমিককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে দুপুর দেড়টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন জানান, শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের আন্দোলন ও বাস ধর্মঘট অব্যাহত থাকবে।

বাস শ্রমিকদের অভিযোগ, সোমবারও (২৪ আগস্ট) বানারীপাড়ার শিমুলতলা এলাকায় বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের কারণে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও মঙ্গলবার রহমতপুরে আবারও তাদের ওপর হামলা চালিয়ে চারজনকে আহত করা হয়। ঘটনার পর প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে না দেখে তারা কঠোর কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।

ঘটনাস্থল ও সার্বিক পরিস্থিতি নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, তিনি দুই পক্ষের সাথেই কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনানুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

হঠাৎ করেই এই ধর্মঘট ও অবরোধ শুরু হওয়ায় বাস টার্মিনাল ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ সময় ধরে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। যেকোনো বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

   

About

Popular Links

x