Thursday, October 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাঙ্গামাটি-খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধ শনিবার

সাজেকে হামলার প্রতিবাদে সড়ক ও নৌপথ অবরোধের ডাক ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি উষাতন চাকমা।

বিবৃতিতে বলা হয়, সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় তারা প্রতিবাদ জানাচ্ছেন। একইসঙ্গে সাজেকবাসীর ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই জেলায় সড়ক ও নৌপথে অবরোধ চলবে।

কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছেন সংগঠনটির সভাপতি উষাতন চাকমা।

তবে অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি।

   

About

Popular Links

x