খ্যাতিমান অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ফরিদপুরের “কামরাঙ্গা” নামের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই অভিনেতা।
ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে ফজলুর রহমান বাবুর বাড়ি।
অভিনেতা জানান, সোমবার রাতে তিনি ফরিদপুরের বাড়িতে এসে বিদ্যুৎ না থাকতে দেখেন। পরে বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের মেইন লাইনের তার কাটা। এরপর ছাদে গিয়ে দেখেন এসির তারও নেই। এ ছাড়া বাড়ির বাইরে রাখা আরও বেশ কিছু মালামালও চুরি হয়েছে বলে জানান তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা-পুলিশকে অবহিত করেন।
ফজলুর রহমান বাবু জানান, পরিবার নিয়ে ঢাকায় থাকলেও জন্মস্থান হওয়ায় মাসে এক-দুইবার ফরিদপুরের বাড়িতে যাতায়াত করেন তিনি। সর্বশেষ ২০ থেকে ২৫ দিন আগে বাড়িতে গিয়ে দুই দিন থেকে ঢাকায় ফিরেছিলেন।
তিনি বলেন, “এটি আমার জন্মস্থান, তাই মাঝেমধ্যেই এখানে ছুটে আসি। আগে এখানে নিশ্চিন্তে থাকা যেত। কিন্তু সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
চুরির জন্য স্থানীয় মাদকসেবীদের দায়ী করেন এই অভিনেতা। তিনি জানান, তার বাড়ির আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে বলে জেনেছেন তিনি। তার অভিযোগ, মাদক কেনার টাকা জোগাড় করতেই স্থানীয় মাদকসেবীদের একটি অংশ বিভিন্ন বাড়িতে চুরি করছে। এ নিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান সাংবাদিকদের জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে বিদ্যুতের তার চুরির ঘটনায় জিডি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।



