চোর সন্দেহে আটক, পরে বেরিয়ে এলো ধর্ষণ-হত্যার ঘটনা

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক চুরি করতে গিয়ে স্থানীদের হাতে আটক হন রিফাত বিন সাজ্জাদ নামের এক তরুণ। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে। জিজ্ঞাসাবাদে তিনি এক নারীকে ধর্ষণের পর হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

সোমবার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য তুলে ধরেন। গ্রেপ্তার রিফাতের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম এলাকায়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, শনিবার রাতে রিফাত আটোয়ারীর রাধানগর এলাকার একটি বাড়িতে ইজিবাইক চুরি করতে যান। তখন স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশে দেন। পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোনে এক নারীকে হত্যার কয়েকটি ছবি ও ভিডিও পায়। এ নিয়ে জিজ্ঞাসাবাদে রিফাত বলেন, গত ১৩ জানুয়ারি রাতে ট্রেনে দিনাজপুর থেকে পঞ্চগড়ে আসার পথে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। পথে ওই নারীকে নিয়ে তিনি আটোয়ারীতে নামেন। ওই নারীকে তিনি একাধিকবার ধর্ষণ করেন। পরে নারীকে হত্যা করে লাশ রেলপথের ওপর ফেলে রাখেন। পরদিন ১৪ জানুয়ারি আটোয়ারীর রেলপথে এক নারীর খণ্ড–বিখণ্ড লাশ পাওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী বলেন, “রিফাতকে আটকের পর আটোয়ারী থানায় তার বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। একটি ধর্ষণের পর হত্যা মামলা, অপরটি ইজিবাইক চুরির মামলা। রবিবার এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হলে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।”