চুরির অভিযোগে গণপিটুনি, যুবক নিহত

ফেনীর সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামে চুরির অভিযোগে গণপিটুনিতে লিটন (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। লিটন একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চর হকদির হাজী বারেক মিয়ার বাড়ির পানু মিয়ার ঘরে চুরি করতে ঢুকেছিলেন লিটন। ওই সময় গৃহকর্তা পানু তাকে ঝাপটে ধরে চিৎকার শুরু করে। একপর্যায়ে এলাকার লোকজন জড়ো হয়ে লিটনকে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, এর আগেও একাধিকবার ওই গ্রামে চুরি করতে গিয়ে পিটুনি খেয়েছিলেন লিটন।

ফেনী মডেল থানার ওসি মো. সামছুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”