খাগড়াছড়ির লারমা স্কয়ারে আবারও আগুন

খাগড়াছড়ির লারমা স্কয়ারে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৮ দিনের ব্যবধানে লাগা এবারের অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে লারমা স্কয়ারের পাশে অবস্থিত বোয়ালখালী বাজারের তৃপ্তি হোটেলে প্রথমে আগুন লাগে। এরপর তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করতে পারেননি দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পচিালক মোহাম্মদ জাকের হোসেন বলেন, “খবর পেয়ে খাগড়াছড়ি, লংগদু ও দীঘিনালা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্য, দীঘিনালা পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”

এরই মধ্যে কাপড় দোকান, হার্ডওয়ার স্টোর, মুদি দোকান, হোটেল-রেস্তোরাঁসহ অন্তত ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান এ কর্মকর্তা।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর বিকেলে পাহাড়ি-বাঙালি সহিংসতায় লারমা স্কয়ার বাজারে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় উভয় সম্প্রদায়ের শতাধিক পরিবার নিঃস্ব হয়ে যায়। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই গত ৭ মার্চ ফের আগুন লাগে লারমা স্কয়ারে। তার মাত্র ১৮ দিনের মাথায় স্কয়ারের পাশের বাজারে অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো আরও অন্তত ৩০ ব্যবসায়ী।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত শুরু করা হচ্ছে বলে জানা গেছে।