ধানমন্ডিতে চালককে কুপিয়ে টাকা-অটোরিকশা ছিনতাই

ঢাকার ধানমন্ডি এলাকায় চাপাতি দিয়ে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় অটোরিকশাচালকের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রবিবার (৬ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। আহত অটোরিকশাচালকের নাম মো. ইসমাইল হোসেন (৪৫)।

ধানমন্ডি থানা পুলিশ তাকে ভোর ৬টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, রবিবার ভোরের দিকে পান্থপথ থেকে যাত্রীবেশে থাকা দুইজন ছিনতাইকারী মোহাম্মদপুর যাওয়ার কথা বলে ওই অটোরিকশায় ওঠে। কিছুদূর যাওয়ার পর পেছন থেকে একটি পিকআপ এসে রিকশার গতিরোধ করে। পরে ধানমন্ডি ৬ নম্বর রোড কোন দিকে এই কথা বলে ৬ থেকে ৭ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে চালককে। এ সময় অটোচালকের সঙ্গে থাকা নগদ ১,৭০০ টাকা, মোবাইল ফোন ও অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, “দুর্বৃত্তরা অটোরিকশাচালককে পিকআপে করে ধানমন্ডি ২৭ নম্বরের সাম্পান রেস্টুরেন্টের সামনে ফেলে যায়। পরে আমাদের টহল টিম তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে দিয়ে আসে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

আহত ইসমাইল ভোলা সদরের আলিনগর গ্রামের মৃত নজির আহমেদের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচরে ভাড়া থাকেন তিনি।