লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম নুরুল আমিন। এ সময় নিহত ব্যক্তির চার সন্তানকেও মারধর করা হয়।
সোমবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়কের চৌধুরীর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নহত নুরুল আমিন তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য। তার মৃত্যুতে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, চা দোকানদার নুরুল আমিনের ছেলে মো. মামুনের কাছে ১২৫ টাকা পান। এই টাকা নিয়ে মামুনের সঙ্গে চা দোকানদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই চা দোকানদার আরও কয়েকজনকে নিয়ে মামুনের ওপর হামলা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান নুরুল আমিন ও তার ছেলে বজলুর রহমান, মো. ফিরোজ ও মেয়ে আছমা বেগম। এ সময় তাদেরও পিটুনি দেওয়া হয়।
পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে পিটুনিতে নুরুল আমিনের মৃত্যুর বিষয়টি জানা গেছে। এ ঘটনায় মো. সেলিম নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার আজ সকাল ১০টা পর্যন্ত মামলা করেনি।”