লক্ষ্মীপুরে গুঁইসাপ শিকারের দায়ে তিন ব্যক্তিকে তিন হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় উদ্ধার করা ছয়টি গুঁইসাপ অবমুক্ত করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার বাসিন্দা নিখিল ত্রিপুরা, অতিন্দ্র ত্রিপুরা, তিমিট ত্রিপুরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ দণ্ডের আদেশ দেন।
এর আগে সকালে সদর উপজেলার উত্তর হামছাদী এলাকা থেকে তাদেরকে আটক করে লক্ষ্মীপুর বন বিভাগের কর্মীরা। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। গুঁইসাপগুলো উত্তর হামছাদী ইউনিয়নের বেড়িবাঁধ নামক স্থানে পুনরায় অবমুক্ত করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা বলেন, “গুঁইসাপ শিকারের দায়ে তিনজনকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এক হাজার করে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। গুঁইসাপগুলো অবমুক্ত করা হয়।”