Wednesday, September 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

বরিশালে শিক্ষার্থীকে মারধর ও কান ধরে ওঠবস, যুবদল নেতার কারাদণ্ড

গৌরনদীর ঘটনায় অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

বরিশালে গৌরনদীতে স্কুলগামী শিক্ষার্থীদের উত্যক্ত করা এবং দশম শ্রেণির এক ছাত্রকে মারধরের পর কান ধরে ওঠবস করানোর অভিযোগে লিপন শরীফ নামে এক যুবদল নেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।

এর আগে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনা ঘটে।

কারাদণ্ডপ্রাপ্ত লিপন শরীফ উপজেলার নাঠৈ গ্রামের বাসিন্দা এবং জেলা যুবদলের সাবেক সদস্য।

জানা গেছে, বুধবার শিক্ষার্থীদের বিক্ষোভের সময় লিপন শরীফ লাঠি হাতে স্কুলে প্রবেশ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তাকে (লিপন) অবরুদ্ধ করে স্কুলের একটি কক্ষে আটকে রাখে।

এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীমকে অবহিত করা হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছলে স্কুলের শিক্ষার্থীরা লিপন শরীফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক লিপন শরীফকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী গৌরনদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মেহেদী হাসান বলেন, “অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্তকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন জানিয়েছেন, লিপন শরীফ দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হয়রানি করে আসছেন।

তিনি জানান, মঙ্গলবার ক্লাস বিরতির সময় লিপন শরীফ অহেতুক দশম শ্রেণির এক ছাত্রকে মারধর করেন। এক পর্যায়ে ওই ছাত্রকে স্কুলের মাঠের মধ্যে এনে কান ধরে ওঠবস করান। এ সময় বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অভিযুক্ত লিপন শরীফ।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, দুপুরে দণ্ডপ্রাপ্তকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x