আবার হবে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের এমসিকিউ ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বহুনির্বাচনি পরীক্ষা পুনরায় ১৯ মে অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রের ত্রুটি থাকার প্রেক্ষিতে আদালতের নির্দেশনায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভার সিদ্ধান্তক্রমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পুনরায় বহুনির্বাচনি পরীক্ষা আগামী ১৭ মে বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, শুধু উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের বহুনির্বাচনি পরীক্ষা পুনরায় গ্রহণের বিষয়টিতে আদালতের নির্দেশ রয়েছে। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও কলা শাখার শিক্ষার্থীদের ফলাফল আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে।

এর আগে এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আবেদন করেছে, তা মঞ্জুর করেছেন হাইকোর্ট। ফলে এই ইউনিটের নতুন করে এমসিউকিউ পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত রবিবার (১৩ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।