আড়িয়াল বিলে ধান কাটা পরিদর্শনে দুই উপদেষ্টা

দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন উপদেষ্টারা।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিল পরিদর্শন শেষে স্থানীয় কৃষকদের সঙ্গে বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনের আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টারা।

এ সময় কৃষকদের নানা সমস্যার বিষয়ে স্বরাষ্ট উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটিকাটা বন্ধ করতে হবে। কোনো অবস্থায় বিলের মাটি কাটতে দেওয়া হবে না।”

অবৈধ মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসানো হবে উল্লেখ করে তিনি বলেন, “আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষা করতে হবে, কোনো অবস্থাতেই এই বিলের বৈচিত্র যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে। অবৈধ মাটি কেটে বিক্রি বন্ধে চেকপোস্ট বসানো হবে।”

দুর্নীতি বন্ধের বিষয়টিকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “যেখানেই সরকারি কল-কারখানা সেখানেই দুর্নীতি শুরু হয়। দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে।”

একইসঙ্গে বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া এবং কৃষকদের শাকসবজি সংরক্ষণে দুটি হিমাগার নির্মাণের কথাও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিন উদ্দিন, শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ প্রমুখ।