অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার তিনটি ক্ষেত্র তুলে ধরে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেছেন, ‘‘মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে। ‘ক্ষমতার লোভটাই’ তাদেরকে শিখিয়ে দিয়েছে।’’
শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন পরিচালিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী গবেষণা কনসোর্টিয়াম সোয়াস অ্যান্টি-করাপশন এভিডেন্স।
সভায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশতাক খান এবং অধ্যাপক পল্লবী রায় এক-এগারো এবং জুলাই অভ্যুত্থান নিয়ে ২টি প্রবন্ধ উপস্থাপন করেন।
আলোচনায় হোসেন জিল্লুর রহমান অন্তর্বর্তী সরকারের যে তিনটি ব্যর্থতার প্রধান ক্ষেত্র তুলে ধরেন, তা হলো- সরকারে আমলাদের যুক্ত করা, তরুণদের ভুল দিকনির্দেশনা দেওয়া এবং নিজেদের সংস্কারকে নিজেরাই ছুড়ে ফেলে দেওয়া।
হোসেন জিল্লুর রহমানের বক্তব্য অনুসারে, ইউনূস সরকার তরুণদের যথাযথ দিকনির্দেশনা দেয়নি। এর ফলে শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে। সমাজে শিক্ষাকে কম গুরুত্বপূর্ণ মনে করার একটি প্রবণতা তৈরি হয়েছে।
সংস্কার প্রসঙ্গে এই অর্থনীতিবিদ বলেন, ‘‘ইউনূস সরকার সংস্কার শব্দটা চালু করেছে। অথচ তাদের নিজেদের তৈরি করা সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে, কিছুই তারা দেখেনি। ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়েছে। তারা একটা ‘রিফর্ম গেম’ খেলেছে।’’



