Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে কী করতে হবে, জানালেন তথ্য উপদেষ্টা

তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি নাগরিকদের প্রতি এ আহ্বান জানান

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম

বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল নিয়ে সামাজিক মাধ্যম বা অন্যত্র ঢালাওভাবে অভিযোগ না করে, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি নাগরিকদের প্রতি এ আহ্বান জানান।

তথ্য উপদেষ্টা বলেন, অতিরিক্ত বিল নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে প্রথমেই নিকটস্থ সংশ্লিষ্ট বিদ্যুৎ বা গ্যাস অফিসে লিখিতভাবে তা জানানো উচিত। তিনি স্পষ্ট করে বলেন, ‌‌‘‘কোথায় এবং কী ধরনের সমস্যা হয়েছে, তা নির্দিষ্টভাবে জানাতে হবে। অভিযোগ জমা দিতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা গ্রহণ না করলে কিংবা যথাযথ প্রতিকার না পাওয়া গেলে, সে বিষয়টিও সুনির্দিষ্টভাবে আমাদের জানাতে পারেন।’’

তিনি আরও জানান, এর আগেও এ ধরনের অভিযোগ এসেছে এবং সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, জ্বালানি মন্ত্রণালয় অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে আগ্রহী। নাগরিকদের অভিযোগের যথাযথ প্রতিকার নিশ্চিত করতে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করতে চায় বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকেও গ্রাহকদের প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের নামে প্রমাণ ছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা তথ্য’ বা গুজব ছড়ানো হলে, দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও পরে এই বক্তব্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

   

About

Popular Links

x