হজযাত্রীদের সেবা সহজ করতে “লাব্বাইক” নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারে সেজন্য এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে।”
সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজযাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বলেন, ‘‘ধর্ম-কর্ম পালনে সহায়ক হওয়ায় এবং স্বাস্থ্য সেবাসহ নানা ফিচার থাকায় এই অ্যাপ হাজীদের হজ পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
এ বছর পবিত্র হজ পালনের শুরু থেকে হজযাত্রীরা এই অ্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে যেন মানুষ হজে যাওয়ার চিন্তাভাবনার পর্যায় থেকে এই অ্যাপ ব্যবহার করে হজযাত্রাকে সহজ করতে পারে সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “হজ ব্যবস্থাপনায় যেসব দেশ আমাদের দেশের চেয়ে উন্নত তাদের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ এবং যেসব দেশ এ ধরনের ব্যবস্থা নেই সেসব দেশকে বিনামূল্যে আমাদের অ্যাপটির কারিগরি দিক প্রদানের উদ্যোগ নেওয়া হবে।”
এছাড়াও ভবিষ্যতে এই অ্যাপকে আরও সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন তিনি। সময়মতো হজযাত্রীরা যাতে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারেন, সে ক্ষেত্রেও সাহায্য করবে এই অ্যাপ।
অ্যাপটি তৈরির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এই অ্যাপটি চালু হওয়ায় হজযাত্রীদের ধর্ম-কর্ম পালন সহজতর করার পাশাপাশি সৌদি আরব গিয়ে চলা ফেরায় দুশ্চিন্তা মুক্ত হবে।”
এই অ্যাপটির পাশাপাশি হজ প্রি-পেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।