রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে এবার কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সোমবার (২৮ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এছাড়া, দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১টি গরুর হাটের মধ্যে মেরাদিয়া বাজারের পাশে কেন কোরবানির পশুর হাট বসানো হয় তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় পশুর হাট বসানো থেকে সিটি কর্পোরেশনকে নিষেধ করা হয়েছে।
রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে সোমবার হাইকোর্ট বনশ্রী মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।”
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, “বনশ্রী একটি আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসলে এই হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন এই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছিল।”