বকেয়া বেতন ও ভাতার দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। ফলে তেজগাঁও ও মহাখালীসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টা থেকে তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় নাসা গ্রুপের গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
পুলিশ জানায়, গার্মেন্টস শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হলেও তারা সরেনি। প্রায় ৪০০-৫০০ শ্রমিক পুরো তেজগাঁও সড়ক অবরোধ করে রেখেছে।
পোশাক শ্রমিকদের দাবি, নাসা নিট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেডের হেলপার থেকে ফ্যাক্টরি ম্যানেজার পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের মে মাসের বেতন পরিশোধ করতে হবে, ২০২৫ সালের ছুটির টাকা দিতে হবে, ২০২৫ সালের ডিম্বেরের এরিয়া বিলের টাকা পরিশোধিত করতে হবে, নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।
তারা আরও জানান, ওপরের দাবিগুলো আগামী ১০ মের মধ্যে পরিশোধ করতে হবে। সরকারের শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ মাস তথা ১২০ দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
এছাড়াও শ্রম আইন অনুসারে সকল শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০% পরিশোধ করতে হবে। শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোনো হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।
ট্রাফিকের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “সকাল সাড়ে ১০টা থেকে নাসা গ্রুপের ৪০০-৫০০ শ্রমিক সড়ক অবরোধ করে। এতে তেজগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সড়ক থেকে সরেনি। ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।”



