ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, ২ যাত্রী আহত

রাজধানী ঢাকার বসিলা এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় ওই অটোরিকশার দুই যাত্রী আহত হন।

বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে বসিলা ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত অটোরিকশা চালকের নাম সাদিকুল ইসলাম। আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “রাত সাড়ে ৮টার দিকে বসিলা ব্রিজে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটোরিকশা চালক সাদিকুল ইসলাম গুরুতর আহত হন এবং পরে মারা যান। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাদিকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।”