রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে কয়েক দিনের তীব্র সংকটের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।
শনিবার (৮ আগস্ট) সকাল থেকে বেশিরভাগ স্টেশনে স্বাভাবিক চাপেই গ্যাস পাওয়া যাচ্ছে। ফলে কমেছে দীর্ঘ অপেক্ষার ভোগান্তিও। সিএনজি স্টেশনের কর্মীদের সঙ্গে কথা বলে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকার তথ্য পাওয়া গেছে।
তেজগাঁওয়ের আকিজ সিএনজি স্টেশনের বিক্রয়কর্মী তারেক বলেন, ‘‘সকাল থেকেই গ্যাস সরবরাহে কোনও সমস্যা হচ্ছে না। স্বাভাবিকভাবেই গ্রাহকদের গ্যাস দেওয়া যাচ্ছে। স্টেশনে দীর্ঘ কোনও সারিও নেই। গ্যাসের চাপও আগের তুলনায় ভালো।’’
মেরুল বাড্ডার জামান সিএনজি স্টেশনের বিক্রয়কর্মী শরিফ বলেন, ‘‘সকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিন গ্যাস সংকটের কারণে স্টেশন বন্ধ রাখতে হলেও শনিবার থেকে আবার চালু করা হয়েছে।’’
সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি- দুই ধরনের যানবাহনই স্বাভাবিকভাবে গ্যাস নিচ্ছে বলে জানিয়েছে স্টেশনগুলোর কর্মরতরা।
দুপুরে প্রাইভেটকার চালক ইউনুস মিয়া বলেন, ‘‘আজ (শনিবার) গ্যাস নিতে কোনও সমস্যা হয়নি। স্বাভাবিকভাবেই গ্যাস পাওয়া গেছে। বড় কোনও লাইনও ছিল না। গ্যাসের চাপও ভালো ছিল।’’
এর আগে, মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণের কারণে এলএনজি খালাসে বিলম্ব এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ার ফলে সংকট তৈরি হয়েছিল।
এর ফলে ভোগান্তিতে পড়েন আবাসিকের গ্রাহক, সিএনজিচালক ও শিল্পখাত সংশ্লিষ্টরা। তবে কয়েকদিনের মধ্যে সংকট কেটে যাবে বলে নিশ্চিত করেছিল সরকার।



