পুকুরে গোসল করতে নেমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শান্তুনু কর্মকার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
শান্তুনু কুয়েটের ২৩ ব্যাচের ম্যাটারিয়াল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান।
ফায়ার সার্ভিসের খুলনা সদর স্টেশনের এক কর্মকর্তা বলেন, “কুয়েটে পুকুরে ডুবে মৃত্যুর খবর পাই দুপুর ৩টায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ক্যাম্পাসে ছুটে যাই। এসে দেখি শিক্ষার্থীসহ অনেক লোকের সমাগম। আমরা পানিতে নেমে তিন মিনিটের মধ্যে শিক্ষার্থীকে উদ্ধার করি।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, ‘‘শান্তুনুকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’’
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘‘দুপুর ৩টার দিকে কুয়েট শিক্ষার্থী শান্তুনু গোসল করতে কুয়েটের পুকুরে নামে। ফেরত আসাতে দেরি দেখে সহপাঠিরা পুকুরের চারপাশে খোঁজ নিতে থাকে। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হলে তারা ৪টার দিকে এসে পুকুর থেকে শান্তুনুর লাশ উদ্ধার করে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।’’