‘ডিবি পুলিশ এখানে কেন’ বলেই লোক জড়ো করে হামলা, ‍আহত ৬

নরসিংদীর বেলাব উপজেলায় অভিযান চালাতে গিয়ে হামলায় আহত হয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ছয় সদস্য। এ সময় অভিযানে ব্যবহৃত একটি হাইয়েস গাড়ি ভাঙচুর করা হয়েছে।

শনিবার (২৪ মে) সন্ধ্যার দিকে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর উচ্চবিদ্যালয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ছয়জন হলেন- জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুস সালাম ও শেখ জসিম উদ্দিন; সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব হাসান এবং তিন কনস্টেবল শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও হাসমত আলী। তারা বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

হামলার ঘটনায় জড়িত ১০ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে বেলাব থানায় মামলা দায়ের করেছেন উপপরিদর্শক আবদুস সালাম। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।

মামলার আসামিরা হলেন- মো. পারভেজ (২৬), সিনতাজ মোহাম্মদ সালমান (৩২), মো. মজিবুর (৪০), আব্দুল জলিল (৪৫), মোবারক হোসেন (৪২), মো. শাহজাহান (৪০), ইকতিয়ার হোসেন (৩৮), সেন্টু মিয়া (৪২), মো. হাবিবুর (৩৮) ও ইব্রাহিম খলিল (৪৩)।

পুলিশ জানিয়েছে, আসামিরা এলাকায় মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি হিসেবে পরিচিত। তাদের বাড়ি ঘটনাস্থল ও আশপাশের এলাকায়।

হামলায় আহত এসআই ও মামলার বাদী আবদুস সালাম বলেন, “আমরা সেখানকার একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ি। মসজিদ থেকে বের হওয়ামাত্রই পারভেজ নামের একজন এসে জানতে চান, ‘আমরা কারা, এখানে কেন এসেছি?’ পরিচয় দেওয়ামাত্রই ‘ডিবি পুলিশ এখানে কেন?’ বলেই চিৎকার করে লোক জড়ো করে আসামিরা হামলা চালায়।”

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “এখন পর্যন্ত কেউ আটক নেই। জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”