সাম্য হত্যার ঘটনায় ঢাবির তদন্ত কমিটির প্রতিবেদন জমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

সোমবার (২৬ মে) সকালে উপাচার্য ভবনে এ প্রতিবেদন হস্তান্তর করা হয় বলে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের হাতে এই প্রতিবেদন তুলে দেন তদন্ত কমিটির আহ্বায়ক, কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এসময় অন্যান্যের মধ্যে প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং কমিটির সদস্য সচিব সহকারী প্রক্টর শারমীন কবির উপস্থিত ছিলেন।

এতে আরও বলা হয়, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কমিটিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করা হয়। পরে ব্যারিস্টার নুরুল আজিমকে কমিটিতে কো-অপারেটর করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। সহকারী প্রক্টর শারমীন কবির কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সাচিবিক দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, গত ১৩ মে দিবাগত রাতে দুর্বৃত্তদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন।