চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় বাসিন্দারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়। পরে বিএসএফর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ওই সদস্যকে ফেরত দেয় বিজিবি।
বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ছাগল তাড়া করতে করতে ওই বিএসএফ সদস্য বাংলাদেশে প্রবেশ করে বলে জানান স্থানীয়রা। পরে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জোহরপুর সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ওই সদস্যকে ফেরত দেয় বিজিবি।
বিএসএফের ওই সদস্যের নাম গণেশ মূর্তি। তিনি ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নুরপুর সীমান্ত ফাঁড়ির সিনিয়র কনস্টেবল। তাকে ফেরত দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ।
লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ বলেন, “জোহরপুর সীমান্তের সাতরশিয়া এলাকা দিয়ে বাংলাদেশ অংশে প্রবেশের সময় স্থানীয় লোকজন বিএসএফের সদস্য গণেশ মূর্তিকে অস্ত্র-গোলাবারুদসহ আটক করেন। পরে বিজিবির টহল দল তাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। আটকের সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।”
ফাহাদ মাহমুদ জানান, পরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। পরে বিধিমোতাবেক বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যের অনুপ্রবেশের জন্য কড়া প্রতিবাদ জানানো হয়েছে।