বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫২ জন। এটি চলতি বছরে একদিনে পাওয়া সর্বাধিক রোগী।

শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ সব তথ্য জানিয়েছে।

এই সময়ে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৭,৪২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জুন মাসে এখন পর্যন্ত ৩,০৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৮৮২ জন। এর মধ্যে ঢাকায় ২২৯ জন, বাকি ৬৫৩ জন অন্যান্য বিভাগে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তিদের মধ্যে ১৬৭ জনই বরিশাল বিভাগের (সিটি কর্পোরেশন এলাকার বাইরে)। ছাড়াও চট্টগ্রামে (সিটি কর্পোরেশন এলাকার বাইরে) ৭৬ জন, ঢাকায় (সিটি কর্পোরেশন এলাকার বাইরে) ১৫ জন, খুলনায় (সিটি কর্পোরেশন এলাকার বাইরে) আট জন এবং রাজশাহীতে (সিটি কর্পোরেশন এলাকার বাইরে) ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪৩ জন রোগী পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন এবং জুনে এখন পর্যন্ত আটজন মারা গেছেন।