বড়লেখা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গাসহ ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)।

সোমবার (২৩ জুন) ভোরে বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় পাওয়া গেছে। বিজিবি-৫২ ব্যাটালিয়নের লাতু বিওপির টহল দল সীমান্ত এলাকার একটি চা-বাগান থেকে তাদের আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। তারা জানিয়েছেন, সোমবার ভোররাতে ভারতের একটি সীমান্ত ফটক দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।

১৬ জনকে বাংলাদেশের ভেতরে বিএসএফ ঠেলে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘‘বিএসএফের চোখ ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হলেও এই ধরণের ঘটনা থেমে নেই। জেলা প্রশাসন রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট শরনার্থী ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করবেন।”

তিনি আরও জানান, সোমবার সকাল ৭টার দিকে আটককৃত ১৬ জনকে বিজিবির টহল দল সীমান্ত এলাকা থেকে ধরে আনে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি। যাচাই-বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি ১৬ জনকে থানায় হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে এবং রোহিঙ্গাদের সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে।